দক্ষিণ চেংমারির মৃত বাস কন্ডাক্টরের বাড়িতে এসে পুলিশের বিরুদ্ধে সরব হলেন কুমারগ্রামের বিধায়ক
নিজস্ব সংবাদদাতা, কুমারগ্রাম, ২০ জুন: গত ২৯ মে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর জনসভাতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চেংমারি বাসিন্দা বাস কন্ডাক্টর গণেশচন্দ্র পালের। শুক্রবার গণেশচন্দ্র পালের বাড়িতে এসে পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ। এদিন বিজেপির কুমারগ্রাম-২ নম্বর মণ্ডল সভাপতি নলিত দাস সহ দলের স্থানীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে গণেশচন্দ্র পালের বাড়িতে আসেন বিধায়ক। বিধায়ক বলেন, ‘কুমারগ্রাম থানার পুলিশ গণেশচন্দ্র পালের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে। পুলিশ পরিবারের সদস্যদের বলছে, তারা যেন আদালতে গিয়ে বলেন যে, দুর্ঘটনার পর বিজেপি তাদের কোনওরকম সহযোগিতা করেনি। এই কথা বলার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে গণেশচন্দ্র পালের বাড়ির লোকজনকে। গণেশচন্দ্র পালের মৃত্যুর পর তার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত সেই অভিযোগের রিসিভ কপি দেওয়া হয়নি।’ বিধায়ক আরও বলেন, ‘পুলিশ ও একটি চক্র মিলে ইন্সুরেন্সের টাকা হাতানোর চেষ্টা করছে। বিষয়টি আমি মুখ্যমন্ত্রী ও পুলিশ সুপারকে চিঠি লিখে জানাব। বিধানসভাতেও বিষয়টি তুলে ধরব। এতে যদি কাজ না হয়, তাহলে আমরা থানা ঘেরাও করব।’
