তেলিপাড়া টোলপ্লাজায় অসম থেকে আসা বাস থেকে ৩১ লক্ষাধিক আবগারি বিভা
কামাখ্যাগুড়ি, ১২ জুলাই: কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া টোলপ্লাজা এলাকায় অসম থেকে আসা একটি বাস থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার বাজেয়াপ্ত করল আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই বাস থেকে ২৪৩.৩ লিটার অবৈধ মদ এবং ১৮০ লিটার বিয়ার বাজেয়াপ্ত করেছে আবগারি বিভাগ। যার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৯৮ হাজার ২৫০ টাকা। জানা গিয়েছে, বাসটি অসম থেকে বিহারে যাচ্ছিল। বাসে চারজন যাত্রী ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করে আবগারি বিভাগ জানতে পারে, অবৈধ মদ পাচারের বিষয়টি তাদের জানা নেই। এরপর ওই চারজনকে ছেড়ে দেওয়া হয়। তবে বাসের চালক অনিলকুমার যাদব ও কন্ডাক্টর জীতেন্দ্রকুমার মণ্ডলকে আটক করে আবগারি বিভাগ। তাদের জিজ্ঞাসাবাদ করে আবগারি বিভাগ জানতে পারে, বাসের মালিক গৌরীশঙ্কর যাদবের নির্দেশমতো বাসে অবৈধ মদ বোঝাই করে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। বাসের মালিক যাতে ধরা না পড়েন তার জন্য কায়দা করে অন্য আরেকটি বাসে যাচ্ছিলেন। পরে মাদারিহাট থানা এলাকায় তাকেও আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি বিভাগ।
