তেলিপাড়া চৌপথীতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য 
বাবুল সরকার, কামাখ্যাগুড়ি, ২৭ অক্টোবর: সোমবার কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া চৌপথী এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। তাঁরা এসে বৈদ্যুতিক তার মেরামতের কাজ শুরু করেন। জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ আচমকাই ৩৩ হাজার ভোল্টেজের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার ছিঁড়ে ১১ হাজার ভোল্টেজের তারের উপর পড়ে যায়। যার ফলে এলাকায় বিকট শব্দ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেলিপাড়া চৌপথী এলাকার বেশ কিছু দোকানের বৈদ্যুতিক সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার বাসিন্দা রতন নমশর্মা বলেন, ‘দুপুরের দিকে আচমকাই এই ঘটনা ঘটে। আমরা বিদ্যুৎ বিভাগে খবর দেই। তার ছিঁড়ে পড়ায় এলাকার কিছু দোকানের বৈদ্যুতিক সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকেল নাগাদ বিদ্যুৎ কর্মীরা বৈদ্যুতিক তার মেরামত করে দিয়েছেন।’ ‘
