দীর্ঘদিন
ধরে গ্রামের রাস্তা বেহাল। কিন্তু সেই রাস্তা অন্যদিকে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। শনিবার এই নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের ঘাকসাপাড়ার ১০/৮২ নম্বর বুথে। জানা গিয়েছে, ১০/৮২ নম্বর বুথের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জিত ওরাওঁকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। যারা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁরা নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করেন। গ্রামের রাস্তা তৈরি না হলে তাঁরা ভোট বয়কট ও দলত্যাগের হুশিয়ারি দিয়েছেন। স্থানীয়দের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জিত ওরাওঁ। তিনি বলেন, ‘আমি গ্রামের বাসিন্দাদের সঙ্গে রয়েছি।’ এদিকে, স্থানীয়রা রাস্তাটি অন্যদিকে নিয়ে যাওয়ার বিষয়ে তৃণমূলের চেংমারি অঞ্চল সভাপতি প্রভাস ঈশ্বরারীর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। তবে অভিযোগ অস্বীকার করে প্রভাস ঈশ্বরারী বলেন, ‘আমাদের অঞ্চলে মোট তিনটি রাস্তা নতুন করার জন্য রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইককে প্রস্তাব দিয়েছিলাম। একটি রাস্তা তৈরির অনুমোদন মিলেছে। সেটি উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ থেকে তৈরি করা হবে। বাকি দু’টি রাস্তাও পরবর্তীতে করা হবে বলে সাংসদ আমাদের আশ্বাস দিয়েছেন। আশা রাখছি, বাকি দু’টি রাস্তাও তৈরি হবে। কিন্তু গ্রামের মানুষদের কেউ না কেউ ভুল বুঝিয়েছে। এতে বিরোধীদের হাত থাকতে পারে। আমরা বিষয়টি দেখছি।’
