নিজস্ব সংবাদদাতা, বারবিশা, ১ জুন: রবিবার কুমারগ্রাম ব্লকের বারবিশায় কুমারগ্রাম-আলিপুরদুয়ার ২ প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। বারবিশা ব্যবসায়ী সমিতির অতিথি নিবাসে অনুষ্ঠিত ওই সভায় সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। সাধারণ সভা থেকে সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কার্যকরী কমিটির সভাপতি ও সম্পাদক পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন মলয় দেবনাথ ও বাবুল সরকার। সহ-সম্পাদক, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে উজ্জ্বল দাস, উত্তম সূত্রধর ও দীপঙ্কর রায়। বার্ষিক সাধারণ সভার পাশাপাশি এদিন সাংবাদিকতার উপর একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংবাদ সংগ্রহের পদ্ধতি সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
