ভল্কা এলাকায় বাড়ি থেকে পঙ্খীরাজ সাপ উদ্ধার করলেন বনকর্মীরা
বাবুল সরকার, বারবিশা, ৩ নভেম্বর: সোমবার কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভল্কা গ্রামে একটি বাড়ি থেকে বিরল প্রজাতির একটি পঙ্খীরাজ সাপ উদ্ধার হল। বন বিভাগের ভল্কা রেঞ্জের বনকর্মীরা সাপটিকে উদ্ধার করেন। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, ভল্কার বাসিন্দা প্রশান্ত দাসের বাড়ির একটি ঘরে সাপটি দেখা যায়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ওই বাড়িতে আসেন। এরপর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ, বিহার, ওড়িশার মতো রাজ্য গুলিতে এই সাপ দেখা গেলেও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে এই সাপ খুব একটা দেখা যায় না। বন বিভাগ জানিয়েছে, বিরল প্রজাতির সাপটিকে উদ্ধার করে নিরাপদ বাসস্থানে ছেড়ে দেওয়া হয়েছে।
