বারবিশায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল
বাবুল সরকার, বারবিশা, ৩১ অক্টোবর: শুক্রবার কুমারগ্রাম ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে তৃণমূল কংগ্রেসের অঞ্চল ভিত্তিক সাংগঠনিক সভা হল। বারবিশা এলাকার দক্ষিণ রামপুরের একটি ভবনে ১১টি অঞ্চলের নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে এদিন আলাদাভাবে সভা করেছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। সভা গুলিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক, দলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, আইএনটিটিইউসি’র জেলা সভাপতি বিনোদ মিঞ্জ, তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি সুদয় নার্জিনারি সহ অন্যরা। আগামী বিধানসভা নির্বাচন, এসআইআর সহ আগামীদিনের দলীয় কর্মসূচির মতো একাধিক বিষয়ে সভা গুলিতে আলোচনা করা হয়েছে। এদিনের সভা গুলি থেকে দলের নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে বুথ স্তর থেকে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়।
