বারবিশার লস্করপাড়ার শ্রী বামন গোস্বামী গৌড়ীয় মঠে চুরি, খোয়া গেল নগদ টাকা, সোনার গয়না
অক্টোবর: কুমারগ্রাম ব্লকের বারবিশার লস্করপাড়া শ্রী বামন গোস্বামী গৌড়ীয় মঠে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির ঘটনার পর আতঙ্কিত রয়েছেন মঠের সাধুগণ ও স্থানীয়রা। দাবি উঠেছে, এলাকায় পুলিশি প্রহরার। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ মঠে সন্ধ্যারতী চলছিল। সেসময় মঠের একটি ঘরের টিনের বেড়া কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা ওই ঘরে থাকা একটি ট্রাঙ্ক নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে এলাকারই একটি শ্মশানঘাটে ট্রাঙ্কটি পাওয়া যায়। কিন্তু ওই ট্রাঙ্কে থাকা নগদ ৪০-৫০ হাজার টাকা এবং প্রায় ১ ভরি সোনার খোঁজ মেলেনি। চুরির ঘটনার খবর পেয়ে মঠে আসে বারবিশা ফাঁড়ির পুলিশ। পুলিশ সবদিক খতিয়ে দেখে এবং চুরির ঘটনার প্রাথমিক তদন্ত করে। পুলিশ জানিয়েছে, চুরির ঘটনার বিষয়ে লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
