জম্মু-কাশ্মীরে কর্মরত অবস্থায় কুমারগ্রামের বাসিন্দা বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্য
নিজস্ব সংবাদদাতা, কুমারগ্রাম: জম্মু-কাশ্মীরে কর্মরত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। মৃতের নাম মৃদুল দাস, বয়স ২৬। কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের পুখুরিগ্রামের বাসিন্দা ছিলেন তিনি। মঙ্গলবার বিকেল নাগাদ তার দেহ কুমারগ্রামে পুখুরিগ্রামে বাড়িতে এসে পৌঁছয়। বিএসএফের তরফে কফিনবন্দী দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃদুলের মৃতদেহ গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয়রা। এদিন চোখের জলে তাকে শেষ বিদায় জানান গ্রামের বাসিন্দারা। বিএসএফের তরফে যথাযোগ্য মর্যাদায় মৃদুল দাসকে গান স্যালুট দেওয়া হয়। জানা গিয়েছে, প্রায় বছর দুয়েক আগে বিএসএফে যোগ দেন মৃদুল। তার পোস্টিং ছিল জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরে। রবিবার রাতে ওই সেক্টরের মাল্লুচক বিওপিতে তার ডিউটি ছিল। সেখানে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান সহকর্মীরা। রবিবার রাতেই বিষয়টি পরিবারের সদস্যদের ফোন করে জানায় বিএসএফ কর্তৃপক্ষ। সেখানে ময়নাতদন্ত শেষে এদিন বাড়িতে এসে পৌঁছয় মৃদুলের দেহ। গ্রামের সবাই তাকে প্রণয় নামে ডাকত। তার অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক সহ অন্যরা। মৃদুল দাসের অকালমৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
