কুমারগ্রামে আবগারি দপ্তরের হানা, ৩৬ লিটার বেআইনি বিদেশি মদ সহ গ্রেফতার 
নিজস্ব সংবাদদাতা, কুমারগ্রাম, ২৪ জুন: মঙ্গলবার কুমারগ্রাম আবগারি সার্কেলের পক্ষ থেকে একাধিক জায়গায় বেআইনি মদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে ৩৬ লিটার বেআইনি বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আবগারি দপ্তর। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, এদিন কুমারগ্রাম থানার অন্তর্গত কুমারগ্রামদুয়ার, দাহারু চৌপথি, মধ্য হলদিবাড়ি, উত্তর হলদিবাড়ি, দুর্গাবাড়ি এবং পাগলার হাট সহ মোট ৬টি জায়গায় অভিযান চালানো হয়। এর মধ্যে মধ্য হলদিবাড়ি এলাকা থেকে সাফল্য মেলে। সেখান থেকেই প্রায় ৩৬ লিটার বেআইনি বিদেশি মদ উদ্ধার করা হয় এবং এই বেআইনি কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযান লাগাতার ভাবে চলতে থাকবে এমনটাই জানা গেছে আবগারি দপ্তর সূত্রে ।
