বাবুল
সরকার, বারবিশা, ২৩ নভেম্বর: মোষ পাচার বন্ধের দাবিতে সরব হলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিধায়ক। বিধায়ক মনোজকুমার ওরাওঁ বলেন, ‘উত্তরবঙ্গের বিভিন্ন স্থানকে করিডোর করে অসমে মোষ পাচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। এই অবৈধ কাজে জড়িত দুষ্কৃতীদের নামের তালিকাও আমি চিঠিতে উল্লেখ করেছি। আশা রাখছি, এই বিষয়ে মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেবেন।’ বিধায়ক মনোজকুমার ওরাওঁ আরও বলেন,’ উত্তরপ্রদেশ ও বিহার থেকে মোষ এই রাজ্যের উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়াতে আনা হয়। এরপর ইসলামপুর, ফাটাপুকুর সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকা হয়ে কুমারগ্রাম ব্লকের বারবিশা এনে নামানো হয় মোষ গুলিকে। বারবিশা থেকে গ্রামের পথ ধরে পায়ে হাঁটিয়ে, সংকোশ নদী পার করে অসমে পাচার করা হয় মোষ গুলিকে। এরপর অসম থেকে বাংলাদেশে পাচার হয় মোষ। দীর্ঘদিন ধরেই এই অবৈধ কাজ চলছে। এক শ্রেণির দুষ্কৃতী এই কাজে যুক্ত। শাসকদলের কিছু মাথা ও পুলিশের একাংশও মোষ পাচারে যুক্ত রয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। চিঠির প্রতিলিপি পুলিশ ও প্রশাসনের বিভিন্ন মহলেও পাঠানো হয়েছে।’
