বন্ধ হয়ে গেল কুমারগ্রাম ব্লকের তুরতুরি চা-বাগান, বিপাকে ৫ শতাধিক শ্রমি

নিজস্ব সংবাদদাতা, কুমারগ্রাম, ৭ জুন: বন্ধ হয়ে গেল কুমারগ্রাম ব্লকের তুরতুরি চা-বাগান। শুক্রবার রাতে ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর নোটিশ ঝুলিয়ে বাগান ছাড়েন মালিকপক্ষ। যার ফলে বিপাকে পড়ল ওই বাগানের ৫ শতাধিক শ্রমিক। শনিবার সকালে কাজে এসে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দেখতে পান শ্রমিকরা। মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় কার্যত অনিশ্চিত হয়ে পড়ল শ্রমিকদের ভবিষ্যৎ। তুরতুরি চা-বাগান বন্ধ হওয়ার খবর পেয়ে শনিবার বাগান আসেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি ও বিটিডব্লিউইউ-এর নেতৃত্ব। বাগানের শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন বিধায়ক। এদিন বিধায়ক মনোজকুমার ওরাওঁ মালিকপক্ষ ও রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। জানা গিয়েছে, আগামী সোমবার, তুরতুরি চা-বাগান নিয়ে শ্রম বিভাগের পক্ষ থেকে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। আপাততঃ সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন চা-বাগানের শ্রমিকরা।
