বাবুল সরকার, কামাখ্যাগুড়ি, ১১ জুন: বুধবার সন্ধ্যা নাগাদ কুমারগ্রাম ব্লকের কার্তিকার জঙ্গল সংলগ্ন এলাকায় রাজ্য সড়কে এক দল হাতির দেখা মিলল। হাতি গুলি জঙ্গল থেকে বের হয়ে সড়কের উপর দাঁড়িয়ে পড়ে। যার ফলে সড়কে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াত বন্ধ ছিল। যদিও অল্প কিছুক্ষণ পর হাতি গুলি রাস্তা পার হয়ে জঙ্গলে ঢুকে যায়। ওই দলে শাবক সহ বেশ কয়েকটি হাতি ছিল বলে স্থানীয়রা জানান। এদিন হাতির দল দেখতে এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন বিভাগের কর্মীরা। যদিও কিছুক্ষণ পর হাতি গুলি একে একে জঙ্গলে ঢুকে যায়। এরপরই রাজ্য সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, হাতি গুলি রাজ্য সড়কের উপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। তবে কোনও ক্ষয়ক্ষতি করেনি।