রাধানগরে ওষুধ ব্যবসায়ীর মৃত্যুতে বন্ধ রাখা হল দোকানপাট
বাবুল সরকার, বারবিশা, ২৮ অক্টোবর: এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় মঙ্গলবার বন্ধ রাখা হল সব দোকানপাট। জানা গিয়েছে, গত রবিবার রাধানগর এলাকায় দোকানের পেছনের ঘর থেকে উদ্ধার হয়েছিল হরিপদ দাস নামে এক ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ। তাঁর আত্মার শান্তি কামনায় এদিন রাধানগর এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। এদিন সকাল থেকেই সব দোকানপাট বন্ধ রাখা হয়। জানা গিয়েছে, হরিপদ দাস বারবিশার বাসিন্দা ছিলেন। রাধানগরে তিনি ওষুধের দোকান করতেন। রবিবার দোকানের পেছনের একটি ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয়রা। বারবিশা ফাঁড়ির পুলিশ ঝুলন্ত দেহ উদ্ধার করে। সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়। হরিপদ দাসের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাধানগর ও বারবিশা এলাকায়।
