পাকরিগুড়িতে বন বিভাগের অভিযানে বাজেয়াপ্ত ৫০ সিএফটি চোরাই সেগুন কাঠ
বাবুল সরকার, কামাখ্যাগুড়ি, ২৩ নভেম্বর: কুমারগ্রাম ব্লকের অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সেগুন কাঠ উদ্ধার করল বন বিভাগ। জানা গিয়েছে, বন বিভাগের ভল্কা ও কামাখ্যাগুড়ি মোবাইল (ইস্ট) রেঞ্জ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে ৫০ সিএফটি চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। ওই পরিমাণ চোরাই কাঠের বাজারমূল্য দেড় লাখ টাকা। বন বিভাগ জানিয়েছে, চোরাই কাঠ গুলি পাকরিগুড়ি এলাকার একটি বাঁশবাগানে লুকিয়ে রাখা হয়েছিল। চোরাই কাঠ গুলি অন্যত্র পাচারের ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বনকর্মীরা পাচারের ছক ভেস্তে দেন। বন বিভাগ জানিয়েছে, চোরাই সেগুন কাঠ উদ্ধারের ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
